শুক্রবার, ১৪ নভেম্বর, ২০০৮

নির্বাচনী মিছিল ও সভা এখনই নয়

রাজনৈতিক সভায় ভোটের প্রচার আপাতত বন্ধ (ফাইল চিত্র)
বাংলাদেশে সরকার আগামী ২৭শে নভেম্বরের আগে পর্যন্ত দেশে সব ধরনের নির্বাচনী মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে৻
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ে বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়৻ সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের সভাসমাবেশ নির্বাচনী প্রচারণায় রূপ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানা গেছে।
সরকার জানিয়েছে, সম্প্রতি জরুরি ক্ষমতা বিধিমালার ৩(১) ধারাটি যে শিথিল করা হয়েছে – রাজনৈতিক দলগুলি তার অপব্যাখ্যা করছে এবং সে কারণেই তাদের সভা-সমাবেশগুলি নির্বাচনী প্রচারনার আকার নিচ্ছে৻
সরকারের মতে, এটা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের লঙ্ঘন৻ আর সে কারণেই তাঁরা ২৭শে নভেম্বর পর্যন্ত সব নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ করছেন বলে জানিয়েছেন৻ ওই দিনই জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারেরও শেষ দিন৻
পুলিশ কর্তৃপক্ষও আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি সংবাদমাধ্যমে আহ্বান জানিয়ে বলেছে, জরুরি আইন যাতে লঙ্ঘিত না-হয় সে জন্য তাদের সতর্ক হতে হবে৻
এর আগে গত ৬ নভেম্বর আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার সময় ও ঠিক তার পরের দিন চট্টগ্রামের লালদীঘি ময়দানে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জনসভায় নির্বাচনী প্রচার চালানো হয়েছে – এই অভিযোগে নির্বাচন কমিশন দুই দলকেই সতর্ক করে দিয়েছিল৻ নিয়ম অনুযায়ী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে থেকে ভোটের প্রচার চালানো বৈধ৻