সোমবার, ১৫ ডিসেম্বর, ২০০৮
এক মুক্তিযোদ্ধার কথা
কোনকালেই একা হয়নি জয় পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। কাজী নজরুলের এই অমরবাণীর বাস্তব রূপ দেখিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বীরঙ্গনাবাদী নারী। সেতারা বানু, তারামন বিবিসহ সাভারের লীনা চক্রবর্তী এবং আরও অনেকেই। অনেকেই হয়তো তার নাম জানি না। তেমনি একজন মহিলা মুক্তিযোদ্ধা সাভারের কমিউনিস্ট পার্টির নেত্রী লীনা চক্রবর্তী। ১৯৩৭ সালে নরসিংদী জেলার পলাশ থানার জিনারদিতে তার জš§। বাবা বিজয় ভূষণ চ্যাটার্জী এবং মা নীহার কনা চ্যাটার্জী। ১৯৫৩ সালে তার বিয়ে হয়। স্বামী ছিলেন পাকিস্তানি মিলিটারি সদস্য। ১৯৫৪ সালে স্বামীর হাত ধরে গিয়েছিলেন কোয়েটাতে। ফিরে আসেন ১৯৬০ সালে। ১৯৬৪ সালে তিনি হাউস ব্লিডিংয়ের চাকরিতে যোগদান করেন। ছাত্রজীবন থেকেই তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। যে কারণে ১৯৬৫ সালে চাকরিরত অবস্থায় তিনি গ্রেফতার হন। কিন্তু সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়। সেই থেকে পাকিস্তানি স্বৈরশাসনের প্রতি তার ঘৃণা আরও তীব্রতর হয়।১৯৭০-এর নির্বাচনের রায় বাস্তবায়ন না হওয়ায় ধীরে ধীরে ফুঁসে ওঠে বাঙালি জাতি। যা পরবর্তী সময়ে স্বাধীনতার একদফা দাবিতে আন্দোলনের রূপ নেয়। বাঙালি জাতি যখন স্বাধীনতার স্বপ্ন লালন করছে ঠিক তখনই ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালো রাত্রি নেমে আসে। নির্বিচারে চালানো হয় গণহত্যা এবং গ্রেফতার। সে সময় গ্রেফতার হন লীনা চক্রবর্তীর স্বামী সুরেশ চন্দ্র চক্রবর্তী। তারপর লীনা চক্রবর্তী কলকাতা চলে যান এবং সেখানে তথ্য বেতার কেন্দ্রে হিসাব শাখায় চাকরিতে যোগদান করেন। কিছুদিন পর তিনি জানতে পারেন, মুক্তিযুদ্ধের জন্য মহিলাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ সংবাদ পেয়ে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রশিক্ষণ দিতে যান ভারতের গোবরা ক্যাম্পে। সেখানে তিনি যুদ্ধের ট্রেনিংয়ের পাশাপাশি আহত মুক্তিযোদ্ধোদের সেবা এবং প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণও গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে দেশে এসে কাজ করেন এবং মহিলাদের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য এবং সহযোগিতা করার জন্য সংগঠিত করেন। মুক্তিযুদ্ধে তার স্বপ্ন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যে স্বপ্ন যে আশা নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশটাকে স্বাধীন করেছে সে স্বপ্ন এখনও পূরণ হয়নি। মুক্তিযোদ্ধারা এখনও অবহেলিত। দেশে প্রকৃত স্বাধীনতা এবং গণতন্ত্র নেই। দেশের সব জনগণ শান্তিতে থাকলেই প্রকৃত স্বাধীনতার স্বাদ পাব। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন থেকে তিনি এ পার্টির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং জনগণের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তাই গত সংসদ নির্বাচনের মতো এবারও তিনি পার্টির নমিনেশন নিয়েছেন। তার আশা এবং বিশ্বাস জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন