বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০০৯

'জিফোন' নিয়ে মুখ খুলছে না গুগল


GooglegPhoneবাজারে আসছে গুগলের তৈরি 'জিফোন' - এ খবর বেশ আলোড়ন তুলেছে প্রযুক্তি বিশ্বে। ২০০৬ সালের অক্টোবরে এই খবর প্রথম প্রকাশ করে বিখ্যাত পত্রিকা 'ডিজিটাইম'। তাদের 'জিফোন বাজারে আনছে গুগল' - এমন ব্রেকিং নিউজ প্রকাশ করার পর খবরটা নিয়ে আলোচনা শুরু হয়। ঠিক পরের মাসেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক স্কিমিডিটের দেওয়া এক বিবৃতি প্রকাশের পর বিতর্ক তুঙ্গে ওঠে। রয়টার্সে প্রকশিত সেই বিবৃতিতে স্কিমিডিট বলেন, "মোবাইল পরিষেবা অবশ্যই বিনামূল্যে হওয়া উচিৎ।" এর পরই অনেক গণমাধ্যম জিফোন আসার খবরটি নিশ্চিত করে।

এক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার একটি পত্রিকা আরও এক ধাপ এগিয়ে। এ বছরের ১৩ মার্চ পত্রিকাটি গুগলের তৈরি জিফোনের একটি ছবিও প্রকাশ করে।

বিষয়টা আরো ঘোলাটে হয় একই মাসের ২১ তারিখে। এক বিবৃতিতে গুগল জানায়, তারা মোবাইল ফোন নয়, মোবাইলের সফটঅয়্যার তৈরিতে ব্যস্ত।

একই দিনে বিখ্যাত পত্রিকা গার্ডিয়ান যুক্তরাজ্যের 'ও-টু'র সঙ্গে যৌথ উদ্যোগে 'জিফোন' বাজারে আনছে গুগল - এমন একটি খবর প্রকাশ করে।

এ বছরের ১৮ এপ্রিল এইচটিসি-গুগল যৌথভাবে জিফোন বাজারে আনার খবরটি প্রকাশ করে ডিজিটাইমস।

এসব খবরে অতি উৎসাহী সম্ভাব্য ক্রেতারা জিফোন কেনার জন্য যখন ডলার জমাতে শুরু করেছেন তখনই হাটে হাঁড়ি ভাঙ্গে 'ওয়াল স্ট্রিট জার্নাল'। পত্রিকাটি এ বছরের ২ আগস্ট জানায়, 'জিফোন আসলে মোবাইল হ্যান্ডসেট নয়, এটি মোবাইলের জন্য একটি অপারেটিং সিস্টেম, যা তৈরি করছে গুগল।

সেদিনের পর থেকে গুগল যেন মুখে কুলুপ আঁটে। আজ পর্যন্ত আর কোন বিবৃতি দেয়নি গুগল। তবে গণমাধ্যমগুলো এখনও বেশ সরব 'জিফোন' নিয়ে।

এদিকে অনুমানকে কেন্দ্র করে এমন সব ঘটনা ঘটছে যা এ আলোচনাকে আরো উস্কে দিচ্ছে। গুগল কিছুদিন আগে অ্যাপল এর সঙ্গে একটি পার্টনারশিপে নেমেছে যার আওতায় অ্যাপল এর আইফোন হ্যান্ডসেটের জন্য ইমেইল, মানচিত্র ইত্যাদি সেবা প্রদান করবে গুগল।

গুগল এর প্রধান নির্বাহী এরিক স্কিমিডিট বলেন, ভবিষ্যতে অ্যাপল এর আইফোনের মাধ্যমে গুগল আরও বেশি সেবা প্রদান করবে।

তবে জিফোন নিয়ে মোটেও কথা বলেননি স্কিমিডিট।