বাংলাদেশে নির্বাচনী প্রচারণার শুরুতে শেখ হাসিনা বলেছেন যে আন্দোলনের মাধ্যমে তাঁরা ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন আর খালেদা জিয়া বলছেন যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে৻
আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা অসুস্থতার কারণে দুদিন প্রচারণায় অংশ না নিলেও সোমবার রাজধানী ঢাকায় মহাজোটের পক্ষে প্রচারাভিযান শুরু করেন৻
ঢাকায় বিবিসির সংবাদদাতা কাদির কল্লোল শেখ হাসিনার কয়েকটি সমাবেশ ঘুরে এসে জানিয়েছেন যে শেখ হাসিনা বলেছেন যে আন্দোলনের মাধ্যমে তাঁরা ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন এবং তাঁর ভাষায় তা রক্ষার জন্য তিনি মহাজোটের প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন৻
নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : খালেদা
চারদলীয় জোটের প্রধান খালেদা জিয়া সোমবার দেশটির দক্ষিণ- পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন৻
তিনি এসব সমাবেশে অভিযোগ করেছেন যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এবং তিনি ঘোষণা করেছেন যে তাঁর দল ও জোট এধরণের কোন পদক্ষেপ সফল হতে দেবে না৻
যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটে দিনভর প্রচারণার পর সোমবার রাতে তিনি খুলনায় এক জনসভায় ঐ জেলার ছয়টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন৻
নিরাপত্তা ঝুঁকিতে নেত্রীরা
ঢাকা থেকে বিবিসির সংবাদদাতা ওয়ালিউর রহমান মিরাজ জানিয়েছেন যে দেশটির সবচেয়ে বড় দুই রাজনৈতিক দলের নেত্রী – খালেদা জিয়া এবং শেখ হাসিনা যখন পুরোমাত্রায় নির্বাচনী প্রচারাভিযানে রয়েছেন, তখন তাঁদের ব্যাক্তিগত নিরাপত্তা কর্মকর্তারা বলছেন যে এঁদের নিরাপত্তার প্রশ্নে হুমকী এখনো রয়েই গেছে৻
ফলে নিরাপত্তার এসব বিষয়গুলো বিবেচনায় রেখেই দুই নেত্রীর সফরসূচী ঠিক করা হচ্ছে বলে তাঁরা জানান৻
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেনারেল ফজলে আকবর বিবিসিকে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার দুই নেত্রীর নিরাপত্তার যে ব্যবস্থা করেছেন তাতে তাঁরা সন্তুষ্ট৻
আর, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জিয়া আহমেদ বলছেন যে সরকারী ব্যবস্থা সত্ত্বেও নিরাপত্তা ঝুঁকির কারণে নির্বাচনী প্রচারাভিযানে তাঁর অংশগ্রহণের ক্ষেত্রে কিছুটা কাটছাঁট প্রয়োজন হয়ে পড়েছে৻
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন